পুঁজিবাজারে অনেক শেয়ার দর অবমূল্যায়িত অবস্থায় আছে। একই সঙ্গে নাম মাত্র অনেক কোম্পানির শেয়ার দর অতিমূল্যায়িত হয়েও আছে। এই অবস্থায় বিনিয়োগ করে কোন কোম্পানিগুলোতে লাভবান হওয়া এবং পুঁজিবাজারকে সাপোর্টের জন্য সংশ্লিষ্টদের আলোচনা হয়েছে।
বর্তমান পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়ন লক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নেতাদের সঙ্গে গত সোমবার বিএসইসি ভবনে বৈঠক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএপিএলসি হলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন। বৈঠকের সভাপতিত্বে করেন বিএসইসির কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ।
ওই আলোচনায় “বিএপিএলসি নেতাদের দুই উপায়ে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে বিএসইসি। এই বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনে সুযোগ-সুবিধা বা ছাড় দিতে রাজি কমিশন।”
জানা গেছে, বর্তমান অবমূল্যায়িত বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার ও উদ্যোক্তা/পরিচালকদেরকে ঘোষনা দিয়ে নিজস্ব পোর্টফোলিওতে শেয়ার কেনার আহ্বান করেছে কমিশন। এই ঘোষনা দিয়ে কেনার ক্ষেত্রে যদি আসন্ন বোর্ড সভাকে কেন্দ্র করে বিদ্যমান আইনে কারও জটিলতা তৈরী হয়, সেটা কমিশন বিবেচনা করবে। এ জন্য কেনার আগে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। বর্তমান অবস্থায় তালিকাভুক্ত কোম্পানিগুলো ও উদ্যোক্তা/পরিচালকেরা যদি বিনিয়োগ করেন, তাহলে নিজেরা যেমন লাভবান হবেন, একই ভাবে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া হবে বলে কমিশন মনে করে। এতে করে সাধারন বিনিয়োগকারী তথা কোম্পানিগুলোর শেয়ারহোল্ডাররাই উপকৃত হবেন।
বৈঠকে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর নেতাদেরকে বিনিয়োগে আসার আহ্বান করার পাশাপাশি তাদের বিভিন্ন পরামর্শ ও দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর মধ্যে ভালো কোম্পানি আনতে প্রতি প্রান্তিকে বিএপিএলসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এবং খাত অনুযায়ি তালিকাভুক্ত কোম্পানিকে প্রশংসৃত করার জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে আজ বিএপিএলসি নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হয়। এতে কমিশনের পক্ষ থেকে তাদেরকে দুইভাবে বিনিয়োগের জন্য আহ্বান করেছে। এর মধ্যে কোম্পানির নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার ও উদ্যোক্তা/পরিচালকদেরকে ঘোষনা দিয়ে নিজের পোর্টফোলিওতে শেয়ার কেনার আহ্বান করেছে কমিশন। এই ঘোষনা দিয়ে কেনার ক্ষেত্রে যদি আগামির বোর্ড সভাকে কেন্দ্র করে বিদ্যমান আইনে কারও জটিলতা তৈরী হয়, সেটা কমিশন বিবেচনা করবে। কমিশনের এই আহ্বানে বিএপিএলসি ইতিবাচক।









