ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য পাম্পিং করার পরিকল্পনা রয়েছে।
এর আগে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়, যা ইতোমধ্যে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো: রবিউল আলম।
তিনি জানান, গত ৭ এপ্রিল মধ্যরাতে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং শুক্রবার মধ্যরাতে পুরো ৮ হাজার মেট্রিক টন ডিজেলের চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে আমদানিকৃত এ ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
কাজী মো: রবিউল আলম আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিংয়ের পরিকল্পনা রয়েছে।
পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো: আহসান হাবিব চৌধুরী জানান, শুক্রবার মধ্যরাতে ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেলের চালান পৌঁছেছে এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে।
এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। সর্বশেষ চালানসহ চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।
উল্লেখ্য, আসামের নুমালিগড়ে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে ২০২১ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পরিশোধিত ডিজেল বাংলাদেশে আমদানি করা হচ্ছে।









