আজ ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডাব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিসবটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। করোনা মহামারির কারণে সীমিত আকারে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারের প্রতিপাদ্য ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।
করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে আমদানি-রপ্তানি নির্বিঘ্ন রাখা; সরবরাহ চেইনকে শক্তিশালী করার মাধ্যমে জনগণ ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে সচল রাখা; সদস্যভুক্ত দেশগুলোর মধ্যকার সহযোগিতার মনোভাব জোরদার করা এবং কাস্টমস নীতিগত ও পদ্ধতিগতভাবে সর্বক্ষেত্রে আধুনিক প্রযুক্তির আত্মীকরণের মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরি করা এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কাস্টমস (শুল্ক) এখন রাজস্ব আহরণ ছাড়া বাণিজ্য সুবিধা, নিরাপত্তা, আন্তর্জাতিক জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ নানাবিধ বিষয় নিয়ে কাজ করছে। গত অর্থবছরে (২০২০-২০২১) কাস্টমসে মোট রাজস্বের মধ্যে ৭৭ হাজার ১৫০ কোটি টাকা আহরণ হয়েছে। চলতি অর্থবছরে (২০২১-২০২২) শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬ হাজার কোটি টাকা। এর মধ্যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট রাজস্বের ৪১ হাজার ১৯৪ কোটি টাকা শুল্ক আদায় করেছে। যা গত অর্থ বছরের তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধি।
সংবাদ সম্মেলনে আবু হেনা মো. রহমাতুল মুনিম আরো বলেন, চট্টগ্রাম বন্দরে পরীক্ষা-নিরীক্ষার নামে সময়ক্ষেপণ ও হয়রানি সুনির্দিষ্টভাবে লিখিত আকারে অভিযোগ করুন। কখন, কবে, কোন ঘটনা ঘটেছে জানান, আমরা ব্যবস্থা নেবো বলে জানিয়েছেন। একই সঙ্গে বলেন, ওষুধ প্রশাসন থেকে প্রত্যায়নপত্র না আনা হলে কাস্টমস এন্টিজেন্ট টেস্ট কিটে পণ্য ছাড়তে পারে না।
ঢাকা কাস্টম হাউস এন্টিজেন্ট টেস্ট কিটে ৩২ শতাংশ হারে শুল্ককর নিচ্ছে। এতে অনেক আমদানিকারক অভিযোগ করেছেন। ফলে টেস্ট কিটের চরম সংকট তৈরি হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন,, এসআরও করে দেয়ার পরও কাস্টম হাউসের এত সাহস হবে না যে, এই এসআরও এর অপব্যবহার করবে। আর আপনারা বা আমদানিকারক চুপ করে বসে আছে। এসআরও এর সুবিধা নেয়ার জন্য কিছু শর্ত দেয়া আছে। সেই শর্তের মধ্যে একটি শর্ত হলো ওষুধ প্রশাসন থেকে প্রত্যায়নপত্র নিতে হবে। সেই প্রত্যায়নপত্র না আনলে তো কাস্টমস পণ্য ছাড়তে পারে না। যারা প্রত্যায়নপত্র আনতে পেরেছে তাদের পণ্য ছেড়ে দেয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরে পরীক্ষা-নিরীক্ষার নামে সময়ক্ষেপণ ও হয়রানি করা হয়, ব্যবসায়ীদের এমন অভিযোগ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, জেনারেল কথা কেন বলেন? এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে দিতে বলেন। আমরা ব্যবসায়ীদের আহ্বান করছি, কখন কবে কোন ঘটনা ঘটেছে, হয়রানি করা হয়েছে তার সুনির্দিষ্ট অভিযোগ দেন। আমরা ব্যবস্থা নেবো।
একই প্রসঙ্গে এনবিআর সদস্য (শুল্কনীতি) মাসুদ সাদিক বলেন, চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন সাড়ে সাত হাজার বিল অব এন্ট্রি দাখিল হয়। এর মধ্যে ৫ হাজারের বেশি হচ্ছে রফতানি সংক্রান্ত এবং দুই হাজারের মতো আমদানি বিল অব এন্ট্রি। দুই হাজার বিল অব এন্ট্রির মধ্যে দুই-একটিতে হয়ত চালান ছাড়ে বিলম্ব হতেই পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো সংস্থার প্রত্যায়নপত্র দাখিল করতে হয়। শুধু কাস্টমস অ্যাসেসমেন্ট ও রেভিনিউ আদায় করে পণ্য ছাড় দেয়া যায় না। অনেক ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আমদানি করতে হয়, আমদানি নীতি আদেশে বলা আছে। কোন কোন ক্ষেত্রে পণ্য পরীক্ষা বা প্রত্যায়নপত্র দেয়ার পর পণ্য ছাড় করাতে হয়।
চিকিৎসক ও আইনজীবীদের ফি নেয়ার ক্ষেত্রে কোন রশিদ দেয় না। যার মাধ্যমে তারা করফাঁকি দিয়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে দুদক এনবিআরকে সম্প্রতি চিঠি দিয়েছে। এনবিআর এ বিষয়ে কোন পদক্ষেপ নিয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, রশিদের এককভাবে এনবিআর দেখবে কেন? স্বাস্থ্য বিভাগ থেকে যদি বিষয়টি বাস্তবায়ন করতে পারে। এনবিআর তো এককভাবে তাদের রশিদ দেয়ার বিষয়টি বলতে পারে না।
এনফোর্সমেন্টের বিষয়টি আমার কাছে সুখকরও নয়। দুদক সুপারিশটি স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কাছে দিতে পারতো। আমাদের তরফ থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে সুপারিশ করবো, বিষয়টি আমরাও পর্যালোচনা করছি। চিকিৎসক ও হাসপাতাল থেকে রেভিনিউ আদায়ের জন্য আমাদের সুপারিশমালা কি হতে পারে, তা পর্যালোচনা করা হচ্ছে। এককভাবে আমরা তো পারবো না, আমরা এতে যাবোও না। প্রাতিষ্ঠানিকভাবে একটি সার্কুলার হলে আমরা সেই সার্কুলার ফলো করবো।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে এনবিআরের কর্মসুচিসমূহ- আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৬ জানুয়ারি বেলা ১১টায় সেমিনারের আয়োজন। সেমিনারে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট জসিম উদ্দিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন এবং প্রতি বছরের ন্যায় এ বছরেও ডব্লিউসিও সার্টিফিকেট অফ মেরিট ২০২১ প্রদান করা হবে।
দিবসটি উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, এনবিআর চেয়ারম্যান, সদস্য (কাস্টমস নিরীক্ষা,আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য), জাতীয় রাজস্ব বোর্ড এবং ডব্লিউসিওর সেক্রেটারি জেনারেল কুনিও মিকুরিয়ার বাণী প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশেষ পোস্টার ও উৎসাহব্যাঞ্জক স্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড ও ফেস্টুন দ্বারা গুরূত্বপূর্ণ স্থান স্থাপনা সুসজ্জিত করা হয়েছে।
আনন্দবাজার/শহক









