আসন্ন পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে, যার উদ্বোধন হবে চাঁদপুরে। এ সময় জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়ে তিনি জানান, সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।
ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে তিনি বলেন, সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি করে না; তবে সৌজন্য হিসেবে কিছু ইলিশ পাঠানো হয়। এবছর তা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন সরকারপ্রধান।
মন্ত্রী আরও জানান, ইলিশ উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সরবরাহ বৃদ্ধি পেয়ে দাম সাধারণ মানুষের নাগালে আসে।
এদিকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ সহায়তা বাড়ানো হবে এবং বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।









