রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খুলে দেয়া হবে আজ। তবে তার জন্য শিক্ষার্থীদের হল কার্ড ও টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে৷ আজ সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন। ১৭ টি আবাসিক হলে শিক্ষার্থীর আসন সংখ্যা প্রায় সাড়ে আট হাজার।
এদের মধ্যে ছাত্রীদের ৬টি হলে আসন ৩ হাজারের মতো। ১১টি ছাত্র হলে আসন সংখ্যা ৫ হাজারের বেশি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ও স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ৬টি বুথে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে।
প্রথমদিকে সিনোফার্মের টিকা পাবেন শিক্ষার্থীরা। সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ শিক্ষার্থীরা এসব বুথ থেকে নিতে পারবেন।
এদিকে বিশ মাস পর আজ থেকে আবারও সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে শ্রেণিকক্ষে ফিরতে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেয়া লাগবে। এতদিন পরে ক্যাম্পাসে ফিরে আনন্দিত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।
আনন্দবাজার/শহক









