রাশিয়ার বিখ্যাত লেখক ও কবি আলেকজান্ডার পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত পুশকিনের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ।
পুশকিনের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন দেশবাসী অ্যাসোসিয়েশন "রোডিনা"র সদস্যরা, ঢাকার রাশিয়ান হাউসের ভাষা কোর্সের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা ।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান বলেন, আলেকজান্ডার পুশকিন ছিলেন রাশিয়ার অন্যতম বিখ্যাত কবি। মাত্র ৩৭ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি রাশিয়ান ভাষা ও সাহিত্যের উন্নয়ন এবং প্রসারে অনন্য অবদান রেখেছেন। রাশিয়ার অন্যান্য কবি-সাহিত্যিকরা জনপ্রিয় এই রোমান্টিক সাহিত্যিকের কবিতা, নাটক ও রচনার দ্বারা যুগে যুগে অনুপ্রাণিত হয়েছেন। সেই সঙ্গে তারা রাশিয়ার ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন।
অনুষ্ঠান শেষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (SAAB)-এর ডাক্তার মমতাজ রহমান ও সৈয়দা জলি রুশ ও বাংলা ভাষায় পুশকিনের কবিতা আবৃত্তি করেন।

এদিকে, কবি আলেকজান্ডার পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় (আরপিএসইউ)। আরপিএসইউ-এর উপাচার্য ড. মণীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RPSU-এর মাননীয় চেয়ারম্যান রাজীব প্রসাদ সাহা ও ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক।

সকল অতিথিকে স্বাগত জানিয়ে ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ বলেন, একই সাথে সারা বিশ্ব পুশকিনের বার্ষিকী এবং আন্তর্জাতিক রাশিয়ান ভাষা দিবস উদযাপন করছে।
এসময় বাংলাদেশস্থ রুশ দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর মিসেস একেতেরিনা সেমেনোভা রাশিয়ান ও বিশ্বসাহিত্যের উন্নয়নে পুশকিনের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, পুশকিনের ঐতিহ্যের প্রতি যত্নশীল মনোভাবের জন্য বাংলাদেশকে আন্তরিকভাবে ধন্যবাদ।
আলোচনা শেষে "রোদিনা" এবং SAAB-এর সদস্যরা রাশিয়ান এবং বাংলা ভাষায় ছোট নাটক, কবিতা এবং গান পরিবেশন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুশকিনের জীবনের উপর একটি ভিডিও উপস্থাপনা করা হয়।
অন্যদিকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উপলক্ষে "বিশ্বসাহিত্য পরিক্রমা: রুশ সাহিত্য" শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারের প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখক ডঃ মাসুদুজ্জামান ও সোভিয়েত ইউনিভার্সিটির স্নাতক জাহীদ রেজা নূর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উল্লেখ্য, বিখ্যাত লেখক ও কবি আলেকজান্ডার পুশকিন ১৭৯৯ সালের ৬ জুন রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৩৭ সালের ১০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।








