করোনায় আটকে যাওয়ার কারণে বিপাকে পড়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী। তৈরি হয়েছে পরীক্ষার্থীদের এক বছর পিছিয়ে যাওয়ার শঙ্কাও। তাই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার সংখ্যা কমিয়ে এনে কম সময়ে তা শেষ করার কথা ভাবছে সরকার। শনিবার এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি এই কথা জানান।
এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনায় শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি ‘অনুকূলে’ আসার ১৫ দিন পর এই পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার নেওয়ার পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে।
তিনি আরও বলেন, এবারের এইচএসসির সিলেবাস কমানোর কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা (শিক্ষার্থী) তো তাদের সিলেবাস সম্পন্ন করেছে। এখন হতে পারে, যে হ্যাঁ, পাবলিক পরীক্ষা (এইচএসসি) নেওয়া হবে, আবার এত লক্ষ লক্ষ পরিবার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এত প্রশাসনের মানুষ, এত শিক্ষক- সবাইকে ঝুঁকির মধ্যে ফেলব? আমরা সেটিকে কম সময়ে করতে পারি কি না, কম সংখ্যক পরীক্ষা নিতে পারি কি না- আমরা সবকিছুই কিন্তু ভাবছি।
আনন্দবাজার/ডব্লিউ এস









