সেইভ ইয়ুথ অনলাইন প্লাটফর্মে আয়োজন করেছে কোভিড-১৯ এর বিরুদ্ধে ২দিন ব্যাপি আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। ২৩ এবং ২৪ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন।
দ্বিতীয় এবং শেষদিনে প্রতিযোগিতার সেরা প্রতিযোগীর নাম ঘোষণা করা হবে। দীর্ঘ এক মাস প্রতিযোগিতার পর ৫টি দেশ (বাংলাদেশ, পাকিস্থান, ভারত, মিশর, ফিলিপাইন) থেকে শতাধিক প্রতিযোগী থেকে ২৫ জন আর্টিস্টকে নিয়ে দুইদিনব্যাপি এই আয়োজনে উপস্থিত থাকবেন বরেণ্য অতিথি ও বিচারকবৃন্দ।
প্রতিযোগিতাটি সম্পর্কে সেভ ইয়ুথের ন্যাশনাল মডারেটর আইনুল ইসলাম বলেন, এটি একটি সময়োচিত উদ্যোগ।এই ফেলোশিপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ভুমিকা পালনে উদ্বুদ্ধ করবে। শিক্ষার্থীদের ভয়েসকে শক্তিশালী করবে এবং কোভিড-১৯ মোকাবেলায় তরুণদের সক্ষমতা বাড়াবে।
প্রতিযোগিতার সমন্বয়ক আরাফাত আল ইয়াসিন বলেছেন, আমি বিশ্বাস করি চিত্রকর্ম কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের এই যুদ্ধের একটি রসদ হতে পারে। আমাদের এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ শিল্পীরা তাদের কল্পনাশক্তি ও বাস্তব অভিজ্ঞতার মিশেলে বর্তমান বিশ্বের বাস্তবতা ফুটিয়ে তুলেছে। সেই সাথে করোনাকালীন বিভিন্ন সামাজিক বার্তার প্রচারণা করেছে।যা কোভিড-১৯কে পরাজিত করতে ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।
দুইদিনব্যাপি এই আয়োজনে যেসকল অতিথি এবং বিজ্ঞ আলোচকবৃন্দ অংশ নিবেন তারা হলেন- ঢাবির চারু ও কারুকলা অনুষদের ডীন অধ্যপক নিসার হোসাইন, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সাদেকা হালিম, রাবির চারুও কারুকলা অনুষদের ডীন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, দ্যা বেঙ্গল ইন্সটিটিউট এর প্রিন্টমেকিং এন্ড স্কাল্পটর ফ্যাকাল্টি ওয়াকিলুর রহমান, আইএফইএস কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশ সিলিয়া পাসিলিনা, ওয়াশিংটন ডিসির আইএফইএস ইয়ুথ গ্লোবাল কোর্ডিনেটর আ্যাশলে লো।
প্রোগ্রামটি আয়োজনে সেইভ ইয়ুথের সহযোগী হিসেবে ভুমিকা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস) ওয়াশিংটন ডিসি এবং ফরেইন এন্ড কমনওয়েলথ অফিস ঢাকা।
আনন্দবাজার/ডব্লিউ এস/এস এ









