চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ‘শাটল ট্রেন’ নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শাটল ট্রেনকে কেন্দ্র করেই রচিত হয়েছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি, কান্না বা প্রেম-ভালোবাসা আর আনন্দ-বেদনার এক মহাকাব্য।
আর এই মহাকাব্যের কিছু সময়, কিছু ঘটনা আর অনুভূতি নিয়ে নির্মান করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। ঈদকে কেন্দ্র করে অনলাইনে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা প্রদীপ ঘোষ।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্মাতা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রদর্শীত হয়েছে ‘শাটল ট্রেন’। এবার চলচ্চিত্রটি সব শ্রেণির দর্শকের জন্য উন্মুক্ত করা হবে। তিনি বলেন, ঈদের দিন অনলাইনে ছবিটি দেখতে পারবেন সকলেই।
লাগভেলকি.কম নামের এক অনলাইন সিনেমা প্লাটফর্মে ছবিটি দেখা যাবে বলে জানান এই নির্মাতা। বলেন, ইতিমধ্যে অনলাইন এই প্লাটফর্মটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। চুক্তি অনুসারে ঈদের দিন থেকে পরবর্তী নব্বই দিন পর্যন্ত লাগভেলকি.কম অনলাইন মুভি প্লাটফর্মের মাধ্যমে দর্শকেরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন।
এ চলচ্চিত্রে মোট ছয়টি মৌলিক গান রয়েছে। এতে অভিনয় করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র।
আনন্দবাজার/তা.তা









