এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শনিবার বিকেলে ঘটনাটি তদন্ত করে দুই শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী উপজেলার ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের রাকিব হাসান ও আব্দুল্লাহ্ আল মামুন।
জানা যায় গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গণিত পরীক্ষা চলাকালীন উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৯নং কক্ষের ৪৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ সময় ঐ দুজন পরীক্ষার্থী মোবাইল থেকে ফেসবুক আইডি ব্যবহার করে পরীক্ষা কক্ষের দৃশ্য ফেসবুকের মাধ্যমে লাইভে ছড়িয়ে দেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রে যান। ভিডিও চিত্র দেখে আট পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থীদের ফেসবুকে লাইভ করার বিষয়টির সত্যতা পান। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
তদন্তে দুই পরীক্ষার্থী রাকিব ও আব্দুল্লাহ্ আল মামুনের পরীক্ষা কক্ষে ফেসবুক লাইভ করার সম্পৃক্ততা পাওয়া গেলে কক্ষ পরিদর্শক আফসার উদ্দিন ও আমিনুল ইসলাম কারণ দর্শানোর লিখিত জবাব দাখিল করেন।
তদন্তে দুই শিক্ষার্থী সম্পৃক্ততা থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
আনন্দবাজার/কআ









