আগামী রবিবার (৩১ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। পরীক্ষা ছাড়া ফল ঘোষণার আইনি বাধা কেটে যাওয়ায় এ মাসের মধ্যে ফল ঘোষণার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী শনিবার (৩০ জানুয়ারি) বা রবিবার (৩১ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে রবিবার ফল প্রকাশ করা হবে।
করোনাভাইরাসের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় শিক্ষা বোর্ডগুলোকে এইচএসসির ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা দিয়ে গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) গেজেট প্রকাশ করেছে সরকার।
গেজেটে বলা হয়েছে, চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত কারণে ২০২০ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ায় এ সংক্রান্ত আইনগুলো সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনের ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে বোর্ডগুলোকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফলফল প্রস্তুত আছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
শিক্ষামন্ত্রী জানান, জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস








