জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গবেষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান চালু করা হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে দেশে গবেষণার জন্য এটাই হবে প্রথম ও একমাত্র প্রাতিষ্ঠানিক উদ্যোগ।
রবিবার (১৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে সিনেটের বার্ষিক অধিবেশনে এর অনুমোদন দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে সিনেটের এই বাষির্ক অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সময়ের জন্য অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
২০১৯ সালের ২৬ জুন সিনেট অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি প্রতিষ্ঠার প্রস্তাব দেন সিনিয়র সাংবাদিক ও সিনেট সদস্য মনজুরুল আহসান বুলবুল। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর এ বিষয়টি পর্যালোচনার জন্য সিন্ডিকেট কমিটি গঠন করা হয়। প্রস্তাবটি সিন্ডিকেটে অনুমোদন পায় চলতি বছরের জুন মাসের ১০ তারিখ।
সর্বশেষ প্রক্রিয়া হিসেবে রবিবার সিনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি প্রতিষ্ঠার বিধান অনু সমর্থন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির কাজ হবে শুধু গবেষণা করা। মুজিব বর্ষ এবং বিশ্ববিদ্যালয়ের শতবর্ষকে সামনে রেখে এর উদ্যোগ নেওয়া হয়েছিল।
আনন্দবাজার/তা.তা









