২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ৪ হাজার ২৩০ জন ভর্তিচ্ছু। মােট উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন তিনি।
জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। ছেলেদের থেকে মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে। বেশি পাস করেছে মেয়ে।
তিনি আরও বলেন, এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। যা শতকরায় ৫৫ দশমিক ১৩ শতাংশ। রিভিউয়ের (পুনর্মূল্যায়ন) আবেদন করতে পারবে আগামী ৭-১২ এপ্রিল পর্যন্ত। রিভিউয়ের জন্য কীভাবে আবেদন করতে হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদল জানান, আমাদের তিনটি কমিটির মাধ্যমে পরীক্ষা বাস্তবায়ন করেছি। আমাদের প্রথম থেকেই লক্ষ্য উদ্দেশ্য ছিল শতভাগ সুন্দর ও সচ্ছ পরীক্ষা উপহার দেওয়া। আমাদের সংশ্লিষ্ট সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এই পরীক্ষাকে শতভাগ সুন্দরভাবে শেষ করার জন্য। আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি।
আনন্দবাজার/টি এস পি









