করোনাভাইরাসের ফলে অভিভাবকদের আর্থিক অসহায়ত্ব বিবেচনা করে স্কুলের ৬ মাসের টিউশন ফি মওকুফের দাবি জানিয়েছে ‘অভিভাবক ফোরাম।’ এ নিয়ে বুধবার শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন অভিভাবকরা।
স্মারকলিপিতে অভিভাবক ফোরামের নেতারা জানান, করোনার ফলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জনগণের স্বাস্থ্যে এবং জীবনের নিরাপত্তার জন্য বারে বারে এই ছুটি বৃদ্ধি করা হয়েছে। করোনা ভাইরাসের ভয়াল থাবায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। জীবন রক্ষার্থে মানুষ ঘরের ভিতর আবদ্ধ হয়ে পড়েছে।
ফোরামের নেতারা আরও জানান, শিক্ষক সমাজের সাথেসাথে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীর অভিভাবকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৭ মার্চ থেকে শ্রেণির কার্যক্রম হয়নি, শিক্ষক-কর্মচারিরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি। সব কিছু স্থবির হয়ে পড়ায় শতকরা ৮০ ভাগ অভিভাবকের আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে। শহর এলাকায় বসবাসরত অভিভাবকগণ বাড়ি ভাড়া, বিদ্যুৎ এবং পানির বিল পরিশোধ করতে পারছেন না। তাদের সন্তানদের ভরন পোষণে হিমসিম খাচ্ছেন।
এমতাবস্থায় করোনাকালীন দুর্যোগে বিষয়টি বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মার্চ থেকে আগষ্ট ২০২০ পর্যন্ত ৬ মাসের টিউশন ফি (ছাত্র বেতন) মওকুফের অনুরোধ জানানো হয়।
আনন্দবাজার/এফআইবি









