আগামী ৬ আগস্ট শেষ হতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় এ ছুটি আরও বাড়তে পারে। আজ বুধবার আরেক দফায় ছুটি বাড়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় ।
জানা যায়, আগস্ট মাসের পুরোটা ছুটি ঘোষণা করে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করা হতে পারে। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ চলছে।
করোনার কারণে গত মার্চ থেকে চার মাস যাবত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে আগেই। ৩১ জুলাই থেকে ঈদুল আযহার ছুটি শুরু হওয়ায় ছুটি বৃদ্ধির ঘোষণা আজই দেয়া হতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন জানান, বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো অবস্থা এখনও দেশে তৈরি হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বুধবার (২৯ জুলাই) ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে স্বাস্থ্য বিধি মেনে আগামী সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। কর্মদিবস বিবেচনায় রেখে সিলেবাস সংক্ষেপ হচ্ছে। এ নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কাজ করছে বলে জানান তিনি।
আনন্দবাজার/তা.তা









