আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি ‘লকডাউন’ থাকবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষার এবং হল বন্ধ ঘোষণা করা হয়েছে ১৮ মার্চ। এবার আগামী ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্থগিত করেছে চলমান তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে নিয়োগ পরীক্ষা।
এ প্রসঙ্গে রাবি জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, পরিস্থিতি বিবেচনা করে ৩১ মার্চের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
রাবি প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় লকডাউনের প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এ সময়ে কাউকে দলবদ্ধভাবে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
আনন্দবাজার/ টি এস পি









