নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ভবনের চতুর্থ তলার তিনটি কক্ষ পুড়ে গেছে। আগুনে এমআইএস কক্ষে থাকা প্রায় অর্ধশতাধিক কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র পুঁড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকালে ৫তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন। পরে বিষয়টি মাইজদি ফায়ার সার্ভিসকে অবগত করলে তাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ধোঁয়ায় অসুস্থ্য হয়ে পড়েন কয়েকজন ফায়ার সার্ভিস সদস্য।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে শনিবার ভোরে কোনো একসময় প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই ভবনের এমআইএস ল্যাব, একটি ডিন কক্ষ ও বাংলা বিভাগের একটি কক্ষ পুড়ে যায়। এসময় এমআইএস ল্যাবে থাকা প্রায় অর্ধশতাধিক কম্পিউটার ও সবগুলো কক্ষে থাকা অফিসিয়াল প্রয়োজনীয় কাগজপত্র পুঁড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা যায়নি। এ ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, এছাড়াও ওই কমিটিতে রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বৈদুতিক কর্মকর্তা।
মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফসার উদ্দিন জানান, সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে আগুনের বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।









