সবজি চিনে সবজি খাই, সুস্থ সবল থাকতে চাই-এ স্লোগানে নরসিংদীর নবধারা প্রি-স্কুল আয়োজনে ছাত্র-ছাত্রী ও অবিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হলো সবজি উৎসব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রি-স্কুলের ক্যাম্পাসে এ ব্যতিক্রম সবজি উৎসব অনুষ্ঠিত হয়। নবধারা প্রি-স্কুলের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তাফা মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ফজরুল রহমান বাবুল, নরসিংদী ডায়বেটিস হাসপাতালে পরিচালক হাসনাত বিন রাসেল, নরসিংদী আইডিয়ার হাই স্কুল প্রধান শিক্ষক সাংবাদিক মঞ্জিলে মিল্লাত, কলামিস্ট সরকার সগির আহমেদ ও নবধারা প্রি-স্কুলের পরিচালক কামরুন নেছাসহ প্রি-স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ।
সবজি উৎসবে বক্তারা বলেন, বর্তমানে আমরা যান্ত্রিক জীবনে ঢুকে গেছি। এখন আমাদের ছেলে মেয়েরা অনেকেই জানেননা ধান গাছ কেমন? এমন চিন্তা থেকে প্রি-স্কুলের আয়োজনে সবজি উৎসব করেন। যাতে করে বর্তমান প্রজন্মের শিশুরা সবজি সম্পর্কে ধারনা নিতে পারে। সবজি পরিচিত ও গুনাগুন সম্পর্কিত আলোচনা করেন বক্তারা।









