চলমান ইরান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশের শিক্ষা খাতেও। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস কি সরাসরি (অফলাইন) চলবে নাকি ডিজিটাল পদ্ধতিতে (অনলাইন) নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে যানজট কমানো এবং বিদ্যুৎ খরচ সাশ্রয়ে সপ্তাহে নির্দিষ্ট কিছু দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা সরকার করছে কি না, সে বিষয়ে কাল বিস্তারিত ঘোষণা আসতে পারে।
তবে মঙ্গলবার ভোর রাতে ইরান যুক্তরাষ্ট্রের ১৫ দিনে যুদ্ধবিরতির কারণে অনলাইন ক্লাস স্থগিত হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের শিক্ষা কার্যক্রমের বর্তমান প্রেক্ষাপট এবং ডিজিটাল ও সরাসরি পাঠদান প্রক্রিয়ার মধ্যে সমন্বয় করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হয়েছে।
শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এই সমন্বয় প্রক্রিয়ার খুঁটিনাটি এবং সরকারের ভবিষ্যৎ পদক্ষেপগুলো গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, আগামীকালকের ব্রিফিংয়ে অফলাইন ও অনলাইন ক্লাসের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হবে। মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।









