জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আকবর হোসাইন হত্যার সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার (৯ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রক্টর, সহকারী প্রক্টর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনভাবেই কাম্য নয়। আকবর নিহত হওয়ার ২ মাস হয়ে গেলেও এখনো নিহত হওয়ার কোন রহস্য উদঘাটন হয়নি৷ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে অতি দ্রুত যাবতীয় রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য।
মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, আকবর হোসাইন আমার চোখের সামনে এখনো ভাসছে। সে খুবই শান্ত, বিনয়ী ও মেধাবী ছাত্র ছিল। তার এমন রহস্যময় পুরো বিশ্ববিদ্যালয়কে নাড়া দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থার সাথে ধারাবাহিকভাবে যোগাযোগ রেখেছে প্রকৃত কারণ উদঘাটনে। কিন্তু দুঃখের বিষয় হল এখনো পর্যন্ত এই ঘটনার রহস্যের জট খোলেনি। অতি দ্রুত রহস্য উন্মোচিত হোক সে লক্ষ্যেই আজ আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আকবর হত্যার বিষয়টি নিয়ে আমি একাধিকবার প্রশাসনের সাথে কথা বলেছি। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। আকবরের পরিবার মামলাটি পিবিআইয়ের কাছে স্থানান্তরের জন্য কোর্টে আবেদন করেছে। এঘটনায় পুলিশ অনেক কাজ করেছে শুরু থেকে। আমরা আশা করছি অতিদ্রুতই রহস্য উন্মোচিত হবে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট সকালে পুরান ঢাকার সূত্রাপুরের নিজ মেস থেকে মুঠোফোন-ল্যাপটপ নিয়ে বের হয়ে যায় আকবর হোসাইন। সেদিন রাতে চট্টগ্রামের খুলশী থানাধীন জিওএস ফ্লাইওভারের নিচ থেকে রক্তাক্ত জখম অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত পহেলা সেপ্টেম্বর আকবর হোসাইন মারা যান। এঘটনায় আকবরের পরিবার চট্টগ্রামের খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।
আনন্দবাজার/শহক







