এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলো নির্ধারিত বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী জানান, বর্তমানে একজন শিক্ষার্থী যে বছর দশম শ্রেণির ক্লাস শেষ করে, তার পরবর্তী বছর এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থার সম্মুখীন হয়। ওই শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রায় দুই বছর সময় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যায়।
শিক্ষামন্ত্রী বলেছেন, এ বিষয়টি শিক্ষার্থীদের জীবনে ও আমাদের জাতীয় জীবনে একটা বড় রকমের ক্ষতি। এ পরিপ্রেক্ষিতে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা যায় কি না, তা নিয়ে কাজ করতে হবে। এটা করা জরুরি।
সভায় শিক্ষামন্ত্রী আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশনা দেন। চেয়ারম্যানরা নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।









