আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস - ২০২০ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও বাংলাদেশ বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন ২ এর ভিডিও কনফারেন্স কক্ষে নোবিপ্রবি আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল কর্তৃক উক্ত সভার আয়োজন করা হয়েছে।
নোবিপ্রবি নীল দলের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সমাজকর্ম বিভাগের প্রভাষক শেখ মারুফা নাবিলার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নীল দলের সভাপতি ও অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ।
সেমিনারে বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডঃ মো. আনোয়ার হোসেন এতে ভাষার ইতিহাস ঐতিহ্য উপস্থাপন করে আলোচনা করেন। এবং ভাষা আন্দোলন সম্পর্কিত অজানা তথ্য উদঘাটন করে এতে আলোচনা পেশ করেন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের প্রভাষক কামরুন্নাহার শাপলা।
উক্ত সেমিনার ও আলোচনা সভা শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ড. ফিরোজ আহমেদ ।
সেমিনারে ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ও বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান ভাষা শহীদ আব্দুস সালাম এর পরিবারের সদস্যবৃন্দ (ছোট ভাই, তার মেয়ে ও জামাই) উপস্থিত ছিলেন। সমাপনীর পূর্বে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্মাননা স্মারক প্রদান করে নোবিপ্রবি নীল দল।
সেমিনারের পূর্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সম্মুখে শহীদ পরিবারকে বিশেষ উপহার প্রদান করা হয়।
আনন্দবাজার/এফআইবি









