কোভিড-১৯ এর প্রকোপ কমলে প্রাথমিক বিদ্যালয় খুললে ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি অনুসরণসহ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পালাক্রমে ক্লাস নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ সব কথা বলেন।
তিনি বলেছেন, খোলার পূর্বে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক কি কি গাইডলাইন অনুসরণ করবে আমরা সেটি তাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা বলেছি, স্কুলগুলো পরিষ্কার করতে হবে, হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে এবং নিরাপত্তার জন্য মাস্ক নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেছেন, এখন পর্যন্ত স্কুল খোলার পরিবেশ সৃষ্টি হয়নি। গ্রামে, রুট লেভেলে যে স্কুলগুলো রয়েছে সেখানেও পরিবেশ সৃষ্টি হয়নি।
গণশিক্ষা সচিব বলেন, গাইডলাইন অনুসারে যে সকল স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে শিফটিং চালু করতে হবে।
মন্ত্রণালয় জানায়, স্কুল পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহীত হলে ছয়টি মাত্রা যথা, নীতিনির্ধারণ, অর্থ সংস্থান, নিরাপদে কার্যক্রম পরিচালনা, শিখন, সার্বাধিক প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছানো নিশ্চিতকরণ এবং সুস্থতা/সুরক্ষা ব্যবস্থা বিবেচনা করে এই নির্দেশনা প্রণয়ন করা হয়েছে।









