করোনার সংক্রমণ পরিস্থিতির মধ্যেই স্কুল খুলে দেওয়া হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন।এর আগে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধ করে দিয়েছিল ইউরোপের বিভিন্ন দেশ। তবে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর এবার ইউরোপজুড়ে স্কুল খুলে দেওয়া হচ্ছে। এদিকে ইউরোপে এখনও বেড়েই চলেছে করোনার সংক্রমণ।
করোনার এই পরিস্থিতিতে স্কুল খুলে দেওয়া নিয়ে উদ্বিগ্ন অনেক শিক্ষক ও অভিভাবক। স্কুল খোলায় করোনার বিস্তার বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে এই পরিস্থিতিতেও ইউরোপের সরকারগুলো স্কুল খুলে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
জানা গেছে, স্কুল খুলে দেওয়ায় ফ্রান্সের শিশুরা আজ স্কুলে ফিরছে। স্কুলে ফিরছে বেলজিয়ামের শিশুরাও। গ্রিসে আগামী সোমবার স্কুল খুলে দেওয়া হবে বলে জানা গেছে। তবে জার্মানিতে গত মাস থেকেই স্কুল খোলা।
স্কুল খোলার ব্যাপারে ইউরোপীয় সরকারগুলো শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলের ভেতরে-বাইরে মাস্ক পড়ার নির্দেশনা দিয়েছে। গ্রিসে স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলে জানা গেছে। এবং প্রত্যেক ক্লাসে থাকবে সর্বোচ্চ ২৫ জন শিশু।
চলতি সপ্তাহে যুক্তরাজ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে। দেশটির সরকার প্রথমে বলেছিল, স্কুলে মাস্ক অপরিহার্য নয়। তবে পরবর্তীতে তারা এই অবস্থান থেকে সরে আসে।
স্পেন সরকার জানিয়েছে, ছয় বছরের ঊর্ধ্বে সব শিশুকে সব সময় অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া দিন অন্তত পাঁচবার তাদের হাত ধুতে হবে। শিশুদের অবশ্যই পরস্পর থেকে পাঁচ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
আনন্দবাজার/টি এস পি









