নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত কনস্টেবল বাগেরহাটে কর্মরত ছিলেন এবং রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে শ্বশুরবাড়ি আত্রাইয়ে আসছিলেন। সকালে স্টেশনে পৌঁছালে ট্রেনের গতি কমলে তিনি লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে যান, এতে হাঁটু থেকে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। এরপর শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।









