খুলনার রূপসা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত ছেলেকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নিহত নারী মিম্মি বেগম (৪৪) ওই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। আর অভিযুক্ত ছেলে নাদিম ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, সকালে পারিবারিক কলহকে কেন্দ্র করে মা–ছেলের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। একপর্যায়ে নাদিম বাড়ির পাশের গাছ থেকে একটি ডাল ভেঙে মায়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মিম্মি বেগম লুটিয়ে পড়েন এবং স্থানীয়রা এগিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করেন। তবে তাকে থানায় নেওয়ার পথে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে পুলিশ একটি বাড়িতে আশ্রয় নিয়ে সহায়তা চান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে সার্কেল এসপি সাইফুল ইসলামসহ খুলনা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মিম্মি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের দাবি নাদিম কিছুদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিল। পুলিশ বলছে, পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো মানসিক সমস্যা সব দিকই তদন্ত করা হচ্ছে।









