চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ড চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকারে মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে।
‘ওটি কোরবান আলী শাহ’ নামে ট্যাংকারে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানান, গোপন তথ্য পাওয়ার পর যৌথ অভিযান পরিচালনা করা হয় নদীর সদরঘাট এলাকায় অবৈধভাবে ডিজেল মজুতকারি অয়েল ট্যাংকারটিতে । জাহাজের লোকজন মজুতের বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে না পারায় এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ডিজেলগুলো জব্দ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সৈয়দ রেফায়েত হামিম, বন্দর সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ জ্বালানি মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









