‘সাজনা রে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে বাজিমাত করলেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী তাশফী। জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা নোরা ফাতেহি এবং র্যাপার বাদশাহর সঙ্গে ‘সাজনা রে’ গাণে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন তিনি।
গত ৩ এপ্রিল ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। অল্প সময়েই এর ভিউ ৭৬ লাখ ছাড়িয়ে গেছে।
গানটির সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের তরুণ সংগীত পরিচালক সঞ্জয়। পুরো গানের কথা, বিশেষ করে র্যাপ অংশ লিখেছেন বাদশাহ নিজেই। আধুনিক সাউন্ড, জমকালো মিউজিক ভিডিও এবং জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে ‘সাজনা রে’ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।
তাশফী জানিয়েছেন, বিষয়টি তার জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ঢাকায় থাকার সময় হঠাৎ করেই সঞ্জয় তাকে স্টুডিওতে ডাকেন। গানটি রেকর্ড করার সময় তিনি জানতেন না যে পরবর্তী সময় এতে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন।
‘সাজনা রে’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন গায়িকা তাশফী
গানটি প্রকাশের পর পুরো বিষয়টি জেনে যেমন অবাক হয়েছেন, তেমনি ভীষণ উচ্ছ্বসিতও হয়েছেন তিনি।
তাশফীর কথায়, ‘বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে, তাও আবার টি-সিরিজের ব্যানারে প্রথম কাজ, এটা তার জন্য স্বপ্নপূরণের মতো। সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে একই গানে কণ্ঠ দেয়া নিঃসন্দেহে ক্যারিয়ারের একটি আনন্দের ব্যাপার।’









