কুমিল্লার রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ও দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (২২ মার্চ) এক শোকবার্তায় তিনি এই দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় বলা হয়— সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লার রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অনেক মানুষের প্রাণহানি ঘটে। এসব দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তিনি দুর্ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এসব দুর্ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন তিনি।
অন্যদিকে, কুমিল্লার রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে এবং অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতিও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।
রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।









