ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে পৌঁছানো শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় দিনাজপুর পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই পার্বতীপুর রেল হেড ডিপোতে ডিজেল আগমন শুরু হয়েছে।
সূত্র জানিয়েছে, সর্বশেষ ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেল হেড ডিপোতে এসেছে। এর আগে, মার্চ মাসে এসেছে ২২ হাজার মেট্রিক টন। অর্থাৎ মার্চ থেকে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর ডিপোতে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগবে। এই চালান শেষ হওয়ার পর আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে। এর আগে, ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছিল। জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ডিপো কর্তৃপক্ষ আজ শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রেখেছে।
ডিপোর সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ৫ ধাপে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে, যাতে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক থাকে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায়।









