মহান বিজয় দিবসের প্রাক্কালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। পরে সকাল ৬টা ৫৭ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।









