সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (২ মার্চ) নেপালের জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন এবং নানা ধরনের প্রশ্ন করেন।
আদিলুর রহমান অভিযোগ করে বলেন, সদ্য বিদায়ী উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তা তাকে অযাচিতভাবে হয়রানি করেন।
তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশ্যের কথা জানালেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরে নির্দেশনা পেয়ে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসবির এক কর্মকর্তা।
তিনি গণমাধ্যমকে বলেন, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে যতটুকু সময় লেগেছে তাই করা হয়েছে। তাকে কোনও ধরনের হয়রানি করা হয়নি।
স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল উপস্থিত সাংবাদিকদের জানান, ঘটনা সে রকম কিছু নয়। আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।









