দেশজুড়ে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে।
রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশনার মাধ্যমে কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত করণীয় ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভর্তির ওয়েবসাইট থেকে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র সচিবকে পরীক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে হবে। এরপর পরীক্ষার্থীদের গ্রুপভিত্তিক আসন বিন্যাস করতে হবে এবং তাদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
এছাড়া প্রতিটি কক্ষের আসন বিন্যাস মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—এই তিন গ্রুপের ক্ষেত্রে ১০-এর গুণিতকে নির্ধারণ করতে হবে। নিজস্ব কলেজে পর্যাপ্ত আসন ব্যবস্থা না থাকলে কাছাকাছি অন্য কোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে আসন বিন্যাসের তালিকা প্রকাশ করতে হবে।
পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখ মিলিয়ে পরিচয় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই প্রক্সি পরীক্ষার সুযোগ রাখা যাবে না।
প্রতিটি গ্রুপের জন্য দুটি সেট প্রশ্নপত্র থাকবে এবং পাশাপাশি বসা শিক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দিতে হবে। ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না, তা পরীক্ষকদের নিশ্চিত করতে বলা হয়েছে। কোনো পরীক্ষার্থী যদি ওএমআর শিটে সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখে, তবে তার উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে।
কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারও প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
পরীক্ষা শেষে উত্তরপত্র (ওএমআর শিট) ও হাজিরাপত্র নির্ধারিত নিয়মে সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। এগুলো ডাক বা কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে না।
প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১২৫ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে, যা পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে জমা দিতে হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।









