স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেলেও তার ভূত” এখনো বাংলাদেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ–১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি শেরপুর ও বগুড়ার একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি দাবি করেন, নির্বাচনের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জাতীয় পর্যায়ের বড় কোনো সংবাদমাধ্যমে উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমি পত্রিকাগুলো ঘেঁটে দেখেছি, বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে পরিস্থিতি গরম করার চেষ্টা করা হচ্ছে বায়তুল মোকাররমকে কেন্দ্র করে। যেখানে ঘটনা ঘটেছে সেখানে তেমন খবর নেই, কিন্তু বাইরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার প্রভাব বা ছায়া এখনো দেশে রয়ে গেছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অতীতেও নানা চেষ্টা করা হয়েছে এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশ আমাদের সবার শেষ ঠিকানা। এই দেশেই জন্ম, এই দেশেই জীবন শেষ হবে। তাই দেশকে গড়ে তোলা ও উন্নয়নের দায়িত্বও আমাদের সবার।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে হবে। যারা বিভ্রান্তি ছড়াতে চায় বা উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।









