ভারতের সঙ্গে ভিসা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। হুমায়ুন কবির বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
ভিসা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা মেডিকেল ভিসা উন্মুক্ত করার কথা বলেছি, তারা সেটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে।” তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে শিগগিরই ইতিবাচক উদ্যোগ দেখা যাবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আলোচনায় তোলা হয়েছিল। “যেহেতু এটা বাংলাদেশের জনগণের, পাবলিক ইন্টারেস্ট... তবে তাকে নিয়ে তেমন আলোচনা হয়নি।” তিনি আরও বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেখা হবে।
জ্বালানি সহযোগিতা নিয়ে প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির জানান, এ খাতে কিছু সহযোগিতা ইতোমধ্যে পাওয়া গেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পাওয়া যাবে।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মানসিকতা ইতিবাচক হলে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। তবে চ্যালেঞ্জ থাকবেই উল্লেখ করে তিনি বলেন, “এই চ্যালেঞ্জের ভিত্তিতে কিভাবে আমরা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেব, সেটিই গুরুত্বপূর্ণ।” শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার অবস্থান থেকে কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয়—এ বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
সরকারের বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত।” তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক কূটনীতিতে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে। “বাংলাদেশকে বিক্রি করে বিএনপি সরকার কিছুই করবে না, জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে,”—যোগ করেন তিনি।
তিনি বলেন, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক—সব ক্ষেত্রেই বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।









