‘আমরা পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করব’, বলে জানিয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলছিলেন, এক সপ্তাহ হয়নি আমরা শপথ নিয়েছি, এর পরের দিন থেকে আমরা কাজে নেমে পড়েছি।
আজ সোমবার গাজীপুরেরর শ্রীপুর পৌরসভা ছাপিলাপাড়া এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ খাল খনন কর্মসূচিতে এসেছিলেন উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী জানান, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্রিত করে নিজে খাল খনন করেছিলেন। আমরা এরইমধ্যে খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছি।
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে খাল দখল করে মার্কেট, বাড়িঘর নির্মাণ করে আসছিলেন। খাল হলো সরকারের সম্পত্তি এবং এটি কেবল জনসাধারণের প্রয়োজনে ব্যবহৃত হবে। জনস্বার্থে এই প্রজেক্টকে বৃহৎ আকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
‘মিছিল-মিটিং তো অনেক হয়েছে, এখন আর নয়। এখন শুধু জনগণের উন্নয়নে কাজের সময়। আপনাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ হলো, জনগণের কল্যাণমুখী কাজগুলোর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল গ্রহণ করা’, বলে জানাচ্ছিলেন মন্ত্রী।









