বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা কারিগরি ও শারীরিক কারণে স্থগিত হয়েছে। কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে বিমানটি ঢাকায় পৌঁছাতে পারেনি। পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থাও এখনও পুরোপুরি যাত্রাযোগ্য নয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জানান, মেডিকেল বোর্ডের অনুমোদন মিললে ৭ ডিসেম্বর রোববার তিনি লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারবেন।
এর আগে বিএনপির মিডিয়া সেল জানিয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার পৌঁছাবে।
যাত্রার সময় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা—ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও দলের কয়েকজন কর্মকর্তা, গৃহকর্মী ও নিরাপত্তা সদস্যও এ যাত্রায় থাকবেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।
অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে। চীন ও যুক্তরাজ্য থেকেও কিছু বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।
মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









