মহান বিজয় দিবসের উপলক্ষে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সমন্বিত ব্যান্ড পরিবেশনও অনুষ্ঠিত হয়। একই দিনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিমান বাহিনীর অর্কেস্ট্রা দলও বাদ্য পরিবেশন করে। দেশের বিভিন্ন জেলা ও সেনানিবাসে সীমিত পরিসরে ব্যান্ড পরিবেশন ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়, যার মধ্যে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং মাতারবাড়ী উল্লেখযোগ্য।
বিজয়ের ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ ৫৩ জন সশস্ত্র বাহিনী সদস্য মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে অবতরণ করেন। সফল হলে এটি একসঙ্গে সর্বাধিক সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্পের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নামে লিপিবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দেশের বাইরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতিও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক, সশস্ত্র বাহিনীর প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) এবং বরিশালসহ বিআইডব্লিউটিসি ঘাটে নৌবাহিনীর জাহাজগুলো দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘরও বিনা টিকিটে সর্বসাধারণের জন্য দর্শনের সুযোগ প্রদান করে।









