আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার ধারাবাহিকতায় দেশে আবারও জ্বালানির মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে রবিবার থেকে কার্যকর হতে যাচ্ছে।
নতুন দামে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারিত দামের তুলনায় এবার প্রতিটি জ্বালানির দামই উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তুলনামূলক হিসাবে দেখা যায়, ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকায় পৌঁছেছে অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় দাঁড়িয়েছে, যা লিটারে ১৮ টাকা বেশি। অকটেনের ক্ষেত্রে ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে লিটারে ২০ টাকা বৃদ্ধি। অন্যদিকে পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।
এই মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবহন খরচ বৃদ্ধি পেলে পণ্যের দাম বাড়বে, যার প্রভাব পড়বে কৃষি, শিল্প ও সাধারণ ভোক্তা পর্যায়ে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।









