দেশের ক্রীড়াঙ্গনে খেলোয়াড় তৈরির লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন খেলোয়াড় তৈরিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই। পাশাপামি দেশের প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চান বলেও জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় প্রধানমন্ত্রী জানান, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময়ও আমাদের দলীয় ইশতেহারে বলেছি, বাংলাদেশের ক্রীড়াজগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। খেলাকে পেশাদার রূপ দিতে চাই। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন কুঁড়ি নামে যে অনুষ্ঠান ছিল, এখানে নতুন কুঁড়ি স্পোর্টসও চালু করতে চাই।
একটি পরিকল্পনা আছে উল্লেখ করে তারেক রহমান বলেছেন, শুধু নতুন কুঁড়ি স্পোর্টসই নয়। বাংলাদেশের প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই। আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে, সেখান থেকে যেন আরও বেশি সম্মান বয়ে আনতে পারি এবং ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেই পরিকল্পনা ও চেষ্টা আছে।
প্রধানমন্ত্রী জানান, এই স্বাধীনতা দিবসে আমরা সকলে সিদ্ধান্ত নিই, আমরা চেষ্টা করি...বাংলাদেশের বহু মানুষ আছেন, যাঁরা ক্রীড়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন দলমত-নির্বিশেষ সুন্দরভাবে একটি ক্রীড়াজগৎ গড়ে তুলি। এই ক্রীড়া সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া বন্ধুত্বের বন্ধন তৈরি করতে পারে।









