ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জায়গা হয়নি নাসির হোসেনের। গত ৯ মাস কোনো ধরনের ক্রিকেটেই ছিলেন না তিনি। অথচ নাসিরকেই দলে নিয়েছে টি-টেন লিগের একটি ফ্র্যাঞ্চাইজি!
আবু ধাবির এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন নাসিরসহ বাংলাদেশের মোট ৬ ক্রিকেটার।
গতকাল বুধবার ৮ দলের এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল। নাসির হোসেনকে দলে নিয়েছে পুনে ডেভিলস। টুর্নামেন্টের মারাঠা অ্যারিবিয়ান্স দলে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলি। বাংলা টাইগার্স দলে আছে দুই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান ও আফিফ হোসেন।
তবে এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা নির্ভর করবে বোর্ডের অনাপত্তিপত্র পাওয়ার ওপর। টুর্নামেন্টটি চলার সময় বাংলাদেশ সফরে থাকবে ওয়েস্ট ইন্ডিজ দল।
এই টুর্নামেন্টটি চলবে আগামী ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে।
আনন্দবাজার/টি এস পি









