চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। আগে নির্ধারিত ছিল সব ম্যাচই দিবারাত্রির। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে ম্যাচের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিসিবি জানায়, ওয়ানডে সিরিজের সব ম্যাচ বেলা ১১টা থেকে শুরু হবে। শুধু ওয়ানডে নয়, পরবর্তী টি-টোয়েন্টি সিরিজও সম্পূর্ণ দিনের আলোতে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।
বুধবার বিসিবির এডহক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল জানান, বিদ্যুৎ সাশ্রয়ের জন্যই সময় পরিবর্তনের এই সিদ্ধান্ত।
তিনি বলেছেন, বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন করেছি। ওয়ানডে ম্যাচ শুরু হবে ১১টা বা সাড়ে ১১টা। টি-টোয়েন্টি বেলা ২টা বা আড়াইটায় হতে পারে।









