বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মার্চের আন্তর্জাতিক বিরতি দুর্দান্ত জয় দিয়ে শেষ করল। গতকাল (১ এপ্রিল) লা বোম্বোনেরায় জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। এর আগে একই মাঠে তারা মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছিল।
দুই ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে তিনি একটি চমৎকার গোল করেন। ম্যাচ শেষে মেসি কোনো সাক্ষাৎকার দেননি, তবে ইনস্টাগ্রামে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তিনি স্টোরিতে একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “সবসময় আর্জেন্টিনা।”
২০২৬ সালের বিশ্বকাপে মেসির খেলা এখনো অনিশ্চিত। আগামী জুনে ৩৯ বছরে পা দেওয়া মেসি এখনও সিদ্ধান্ত নেননি। ক্যারিয়ারে ইতোমধ্যে তিনি ৯০২টি গোল করেছেন এবং ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার রেকর্ড গড়তে চান। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে রয়েছে। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
কোচ লিওনেল স্কালোনি মেসির ভবিষ্যৎ নিয়ে বলেছেন, যদি সে সিদ্ধান্ত নেয় এটাই তার শেষ বিশ্বকাপ, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হবে। সবাই তাকে খেলতে ও দেখার জন্য উন্মুখ। আমরা তাকে পুরোপুরি সমর্থন দেব। সময় হলে বসে কথা বলব। সে যদি আসে, সবসময়ই জেতার জন্য লড়বে। আমরা আশা করি সে খেলবে।









