বিশ্বকাপের উত্তেজনা মাঠের বাইরে ছড়িয়ে দিতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে লেগো। এবার ফুটবলপ্রেমীদের জন্য তারা তৈরি করেছে বিশেষ মিনিফিগার সিরিজ, যেখানে বিশ্ব ফুটবলের চার তারকা—ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়ুস জুনিয়র—কে ছোট আকারের ব্লকের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে।
বিশ্বকাপের আগে এই নতুন সিরিজ বাজারে আনার ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ আরও বাড়েছে। এর আগে লেগো ব্লকের মাধ্যমে প্রায় বাস্তব আকৃতির ফিফা বিশ্বকাপ ট্রফির মডেল তৈরি করেছিল। এবার সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে ফুটবল তারকাদের মিনিফিগার প্রকাশ করেছে তারা।
লেগো কর্তৃপক্ষ বৃহস্পতিবার একটি টিজার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় চারজন তারকা ফুটবলারই লেগো সংস্করণের বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিতে লড়াই করছেন। ভিডিওটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিটি মিনিফিগার সেটে সংশ্লিষ্ট ফুটবলারের জাতীয় দলের জার্সি পরিহিত ক্ষুদ্র মডেল রাখা হয়েছে। এছাড়া তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী বিশেষ ডিজাইনের স্ট্যান্ড রয়েছে—রোনালদোর জন্য ‘আর’, এমবাপের জন্য ‘এম’, মেসির জন্য ‘এল’ এবং ভিনিসিয়ুসের জন্য ‘ভি’।
রোনালদো ও মেসির জন্য আলাদা ‘ফুটবল লেজেন্ড’ সংস্করণও তৈরি করা হয়েছে। এই বিশেষ সেটগুলোতে ৮৫০টিরও বেশি অংশ রয়েছে, যার মাধ্যমে বড় আকারের মডেল তৈরি করা সম্ভব। এখানে তাদের বিখ্যাত মুহূর্তগুলোও ফুটিয়ে তোলা যায়—রোনালদোর ‘সিউ!’ উদযাপন বা বাইসাইকেল কিক, আর মেসির আকাশের দিকে আঙুল তুলে উদযাপন বা ড্রিবলিং ভঙ্গি। প্রতিটি সেটে কাস্টম ব্যাকড্রপ ও প্রিন্টেড প্ল্যাকও রয়েছে, যা সংগ্রাহকদের জন্য আরও আকর্ষণ বাড়াবে।
বিশ্বকাপকে ঘিরে ভক্তদের উন্মাদনা আরও বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ফুটবল এবং সৃজনশীল খেলনার সমন্বয় নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
মাঠের উত্তেজনা যেমন ছড়াবে, তেমনি বিরতি বা অবসর মুহূর্তে এই লেগো সেটগুলো ভক্তদের বিনোদনের নতুন মাধ্যম হয়ে উঠতে পারে।









