প্রানঘাতী করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেকেই। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ব্যাট নিলামে তুলেছেন। এছাড়াও ফুটবলার মোনেম মুন্না ও ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান ও নিলামে উঠিয়ে জার্সি বিক্রি করে সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার সেই পথেই হাঁটতে চাইছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। জামাল নিজের একটি জার্সি বিক্রি করে সেটি থেকে পাওয়া অর্থ বিলিয়ে দিতে চান অসহায় মানুষদের সেবায়।
জামাল নিলামে ওঠাতে চান ভারতের বিপক্ষে গত বছর বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের খেলা ম্যাচের জার্সি। বাংলাদেশ ওই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল। জামাল ভুঁইয়ার অ্যাসিস্টটে গোল করেছিল সাদ উদ্দিন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা ম্যাচ ছিল সেটি।
ডেনমার্ক থেকে জামাল নিজেই বলেছেন জার্সি নিলামে ওঠানোর ইচ্ছার কথা, ‘বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের জার্সি নিলামে তুলতে চাই। এতে যে অর্থ আসবে, তা দিয়ে অন্তত অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে।’
এর আগে নিজ গ্রামে দুস্থ মানুষের জন্যও কয়েকদিনের খাবার সরবারহ করেছিলেন জামাল। এবার নিজের ৬ নম্বর জার্সিটির বিনিময়ে পাওয়া অর্থও কাজে লাগাতে চান তিনি।
আনন্দবাজার/এস.কে









