হমঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ের নায়ক যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রোনান সুলিভান। দেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করেন তিনি।
ম্যাচের শুরুতেই আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান ও ডেকলাইন সুলিভান। যদিও একাদশে জায়গা হয় শুধু রোনানেরই। আর মাঠে নেমে নিজের শৈল্পিক ফুটবলের কারিশমায় দলকে জয় এনে দেন এই তরুণ ফুটবলার।
প্রথমার্ধে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি লাল-সবুজের দল। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। একাদশ মিনিটের মধ্যেই কর্নার পেলেও ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি। পাকিস্তান শুরুতেই রক্ষণে চাপ তৈরি করার চেষ্টা করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠের নিয়ন্ত্রণ ও বল পজিশন পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। একপর্যায়ে টানা আক্রমণে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে তারা। জায়গা না পেয়ে প্রতিপক্ষ নিজেদের অর্ধেই গুটিয়ে থাকতে বাধ্য হয়। তবে প্রথমার্ধ শেষে বল পজিশন ও আক্রমণে আধিপত্য রাখলেও লিড না পাওয়ার আক্ষেপ নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয় বাংলাদেশকে।
বিরতির পর দ্বিতীয়ার্ধে এসে সেই আক্ষেপ ঘুচান রোনান সুলিভান। তার জোড়া গোলেই ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল যুব দলটি।
বয়সভিত্তিক এই আসরে বাংলাদেশের ইতিহাসে ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা। এরপর থেকে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে। যার মধ্যে একবার চ্যাম্পিয়ন (২০২৪ সালে) এবং চারবার রানার্সআপ হয়েছে।









