বার্সেলোনা সুসময় চলে এসেছে! দুদিন আগে নিরপেক্ষ নিরীক্ষা শেষে খেলোয়াড়দের নামে কুৎসা রটানোর অভিযোগ থেকে মুক্তি পেয়েছে বার্সেলোনা। এবার ক্লাবটির আরেক গুরুতর অভিযোগ থেকেও মুক্তি মিলল।
ক্রীড়া আদালত থেকে ঘোষণা এসেছে, ২০১৩ সালে নেইমারকে দলে টানতে কোনো দুর্নীতির আশ্রয় নেয়নি বার্সা। সুতরাং, আর টিকছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাবেক ক্লাব সান্তোসের কোনো অভিযোগও!
২০১৩ সালে নেইমারকে দলে টানার পর থেকেই দুর্নীতির অভিযোগ নিয়ে বার্সার পেছনে লেগে ছিল সান্তোস। নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন, তবে মুক্তি মিলছিল না কাতালানদের।
ব্রাজিলিয়ান ক্লাবটির দাবি করেছিল, নেইমারকে দলে টানতে যে দলবদল মূল্য দেখিয়েছে বার্সা, প্রকৃত মূল্য তার থেকে অনেকবেশি। যাতে তাদের ক্ষতি হয়েছে ৬ কোটি ১৩ লাখ ইউরোর কাছাকাছি। পাওনা আদায়ে পরে ক্লাবটি ফিফার কাছে নালিশ জানায়। যা ক্রীড়া আদালতে স্থানান্তরিত হয়।
মঙ্গলবার সান্তোসের সেই মামলা খারিজ করে দিয়েছে ক্রীড়া আদালত। আদালতের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘নেইমার জুনিয়রকে নিয়ে দলবদলে দুর্নীতির অভিযোগ তুলে সান্তোস যে ৬ কোটি ১৩ লাখ ইউরোর দাবি করেছিল, ক্রীড়া আদালত তা বাতিল করে দিয়েছে।’
আনন্দবাজার/এস.কে









