বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছেছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার পর কার্যালয়ে প্রবেশ করেন তিনি। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরই খালেদা জিয়ার জানাজা ও পরবর্তী কর্মসূচি সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ অন্যান্য সিনিয়র নেতা। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গুলশান কার্যালয়ের সামনে জমায়েত হয়েছেন যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। ২৩ নভেম্বর থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘ ৪১ বছর রাজনৈতিক জীবনে নেতৃত্ব দিয়ে দেশের রাজনীতিতে অবদান রাখা এই নেত্রীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো রাজনৈতিক অঙ্গনে।









