সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না।
রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে ফেসবুকে সার্চ করে ১০ লাখ অনুসারীর এই পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিলাপির ‘সরকারি রেট’ নিয়ে করা একটি ভিডিওর মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান তাজু। তার সহজ-সরল উপস্থাপনা এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ভঙ্গি দ্রুত মানুষের মন জয় করে। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও শুরু হয়।
তাজু ভাইরাল হওয়ার পর থেকেই প্রতিদিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা ভিড় করেন। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। এরই মাঝে হঠাৎ পেজটি উধাও হওয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ভিডিও তৈরি শুরু করলেও গত ২৬ মার্চের জিলাপি বিক্রির ভিডিওটিই তাজুর ভাগ্য বদলে দেয়। ২৮ মার্চ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এক সপ্তাহের মধ্যে প্রায় ৮০ লাখ ভিউ অর্জন করে। ভাইরাল হওয়ার আগে তার পেজে অনুসারী ছিল মাত্র ছয় হাজার, যা মাত্র আট দিনের ব্যবধানে বেড়ে দাঁড়ায় ১০ লাখে।









