ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি শেখ লাল চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান।
মামলার বিবরণ অনুযায়ী, গত শনিবার রাতে মেয়েটির বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘটনাটি ঘটে। পরদিন রবিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। সোমবার কিশোরীকে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত লাল চাঁন তুজারপুর ইউনিয়নের বাসিন্দা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি শেখ লাল চাঁনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।”









